যশোর: জেলার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ চিকিৎসককে দায়িত্ব অবহেলার অভিযোগে শোকজের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন।
বৃহস্পতিবার তাদেরকে শোকজ নোটিশ পাঠাবেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দীলিপ কুমার। এরা হলেন- দন্ত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন, গাইনী চিকিৎসক রেবেকা সুলতানা, ডাক্তার অরুণ জ্যোতি, ডাক্তার রেহনেওয়াজ ও হোমিও চিকিৎসক মনিরুজ্জামান।
যশোরের সিভিল সার্জন গোপেন্দ্র নাথ আচার্ষ্য জানান, মঙ্গলবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখতে পান, সেখানে কর্মরত ৫ চিকিৎসক নেই। এদিনের হাজিরা খাতায় লালকালি দিয়ে তাদেরকে অনুপস্থিত দেখানো হয়েছে।
অভিযোগ রয়েছে, তারা যশোরে বসে চেম্বার করলেও কর্মস্থলে যান না।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দীলিপ কুমার জানান, বুধবার সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার তাদের শোকজ নোটিশ পাঠানো হবে।