রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনীপুর গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়ির ভেতরে ১১টি বোমা, একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে। বাড়ির ভেতরে নতুন করে আর কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১২ মে) বেনীপুর গ্রামে দ্বিতীয় দিনের ‘অপারেশন সান ডেভিল’ বিশেষ অভিযানে এ অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে।
গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিবজুর আলম মুন্সী বলেন, ওই বাড়ির ভেতরে ১১টি বোমা, একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুটি গুলি পাওয়া গেছে। বোমা নিষ্ক্রিয়কারী দল উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করেছে।
তিনি আরও বলেন, বাড়ির ভেতরে নতুন করে আর কাউকে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাতের বিরতির পর শুক্রবার সকাল ৯টার কিছুক্ষণ আগে ‘অপারেশন সান ডেভিল’ এর দ্বিতীয় পর্যায় শুরু হয়। এ অভিযানে অংশ নিয়েছে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দল। বৃহস্পতিবার সকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে পাঁচ জঙ্গি নিহত হলেও তাদের বাড়ির ভেতরে আর ভারি বিস্ফোরক থাকতে পারে বলে এ অভিযান পরিচালনা করা হয়।
এর আগে বুধবার রাত একটা থেকে এই অভিযান শুরু হয়। বৃহস্পতিবার সকাল সাড় সাতটার দিকে ওই আস্তানা থেকে কয়েকজন নারী-পুরুষ হঠাৎ করে বের হয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা ও আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে সাজ্জাদ (৫০), তাঁর স্ত্রী বেলি বেগম (৪৫), ছেলে আলামিন (২৫), মেয়ে কারিমা খাতুন (১৭) ও বহিরাগত যুবক আশরাফুল এবং ফায়ার সার্ভিসের সদস্য আবদুল মতিন নিহত হন। পরে ওই আস্তানায় থাকা সুমাইয়া নামের এক নারী আত্মসমর্পণ করেন। এছাড়া আস্তানা থেকে উদ্ধার করা হয় দুই শিশুকে। নিহত সদস্যের মৃত্যুর ঘটনা তদন্তে একটি কমিটি করেছে ফায়ার সার্ভিস।