সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক খোলা কাগজের দুই প্রতিনিধি। তারা সৈয়দপুর ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন মানবকণ্ঠের নীলফামারী জেলা প্রতিনিধি ও জেলা শহরে গাছবাড়ি মহল্লার নজরুল ইসলামের ছেলে নুর আলম (৩৩) ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি ও শহরের শাহীপাড়া মহল্লার মৃত. ইসলাম উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন(৫৬)।
একাত্তর টিভির বিজয় চক্রবর্তি কাজল জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য সৈয়দপুর শহরের বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।
পথিমধ্যে মিস্ত্রিপাড়া এলাকায় তাদের মোটরসাইকেলটি রাস্তায় পড়ে থাকা গাছের সাথে ধাক্কা লাগলে আহত হন। ঘটনাস্থলে থাকা সহকর্মী একুশে টিভির আব্দুর রশিদ, একাত্তর টিভির বিজয় চক্রবর্তি কাজল, চ্যানেল আই’র আনোয়ারুল আলম প্রধান, সময় টিভির চিত্র সাংবাদিক সোহেল আরমান ও এটিএন নিউজের চিত্র সাংবাদিক সাদ্দাম হোসেন তাৎক্ষনিক ভাবে তাদের উদ্ধার স্থানীয় হাসপাতালে ভর্তি করান।
একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুর রশিদ জানান, জরুরী বিভাগের চিকিৎসক ব্যথা নাশক ইনজেকশন প্রয়োগ করেছেন তাদের শরীরে। এছাড়াও এক্সরে এবং কয়েকটি পরীক্ষা নিরিক্ষা করার প্রেসক্রাইব করেছেন।
প্রসঙ্গত মঙ্গলবার ১৬জুন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটের সংবাদ সংগ্রহ করছিলেন আহত ওই দুই সাংবাদিক।