আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: ছামছুন নাহার দরিদ্র ঘরের এক মেধাবী শিক্ষার্থীর নাম। ছামছুন নাহারের বাবা মূকবধির। তিনি দিনমজুরি করে সংসার চালান। ঠিকমত মেয়ের পড়াশোনার খরচ যোগান দিতে পারেননি। পড়াশোনা করতে গিয়ে বার বার হতাশ হয়েছে ছামছুন নাহার। শেষ পর্যন্ত ছামছুন নাহারের এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা ছিল না তার বাবার কাছে। মেয়ের ফরম পূরণের টাকা জোগাড় করতে না পেয়ে হতাশায় ভুগছিলেন।
পরে ঘটনাটি জানার পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশিড়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সাখিদার টাকা দেন। সেই সংসারে নানা প্রতিকুলতার মধ্যেও পড়াশোনা করে ছামছুন নাহার এবার ওই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। পিইসি ও জেএসসি পরীক্ষায়ও সে জিপিএ-৫ পেয়েছিল। তার বাড়ি উপজেলার মহীতুড় গ্রামে।
ছামছুন নাহার বলে, ভবিষ্যতে কি হবো জানিনা। ‘আপাতত বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হতে চাই। কিন্তু বাড়ির বাইরে গিয়ে থাকা-খাওয়া ও পড়াশোনার খরচ জোগানোর মতো আর্থিক সংগতি আমাদের নেই।
মা সেলিনা খাতুন বলেন, তারা দিন এনে দিন খান। তার স্বামী একদিন কাজে না গেলে তাদের সংসার চলে না। এই পরিস্থিতিতে মেয়ের পড়াশোনা চালানোর এত টাকা কোথায় পাবেন ?
কাশিড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সাখিদার বলেন,অসহায় এই পরিবারের মেধাবী শিক্ষার্থী ছামছুন নাহার কে সমাজের বিত্তবানেরা একটু সহযোগীতার হাত বাড়ালে ভবিষ্যতে তাদের স্বপ্ন পূরণ হবে।