নীলফামারী প্রতিনিধি: জেলার জলঢাকা উপজেলায় ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তা বন্দী অর্থাৎ ধান কাটা থেকে বস্তায় ধান ভর্তি করা পর্যন্ত সকল কাজই একটি যন্ত্রের মাধ্যমে করা যায় এমনই একটি ব্যতিক্রমী মিশ্র যন্ত্রের প্রদর্শন ও এর মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। এক বিঘা জমিতে এ সকল কাজ করতে যেখানে ২০০০ থেকে ২৫০০ টাকা প্রয়োজন সেখানে এই যন্ত্রের মাধ্যমে মাত্র ২০০ টাকায় তা করা সম্ভব। নীলফামারীর জলঢাকায় উপজেলা কৃষি অফিস এর আয়োজনে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী এলাকায় কম্বাইন হারভেস্টর যন্ত্র প্রদর্শন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জলঢাকা পৌরসভার মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারীর উপ-পরিচালক কৃষিবিদ গোলাম মোহাম্মদ ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারীর অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ কেরামত আলী, জলঢাকা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিপুল সংখ্যক কৃষকের উপস্থিতিতে প্রথমে যন্ত্রটির মাধ্যমে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তা বন্দী প্রদর্শন করা হয়। প্রধান অতিথি কৃষিতে যান্ত্রিকীকরণের উপর গুরুত্বারোপ করে কম্বাইন হারভেস্টর যন্ত্রের বিস্তারিত আলোচনা করেন এবং কৃষক বান্ধব সরকার বর্তমানে ৫০% ভর্তুকিতে এসব যন্ত্র দেয়ার বিষয়টি তুলে ধরেন। সভায় কৃষির আধুনিক প্রযুক্তিসমূহ উল্লেখ করাসহ আধুনিক প্রযুক্তিসমূহ গ্রহনের ব্যাপারে কৃষকদের উৎসাহ প্রদান করা হয়। মাঠ দিবসে এলাকায় সুধীজনসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। একই দিনে কৈমারী ইউনিয়নের বিন্নাকুড়ী এলাকায়ও অনুরুপ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।