ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কুশলপুর শ্রীপুর নামক স্থানে ছোট যমুনা নদীর ওপর সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বৃহস্পতিবার ওই সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্বাস আলী মন্ডলের সভাপতিত্বে আয়োজিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) মো. শহিদুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আজিজ মন্ডল, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।
ব্রীজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের বিএনপি’র দুই শতাধিক নেতাকর্মী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।
এদিকে এলাকাবাসীর শত বছরের কাঙ্খিত শ্রীপুর সেতুর নির্মাণ কাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এড. মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র উদ্যোগে শুরু হওয়ায় এলাকার শ্রীপুর নদী ঘাটের মাঝি মেনাজ উদ্দিন মন্ত্রীকে একটি গাভী উপহার দেন।
ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শহিদুজ্জামান বলেন, এলজিইডি’র তত্ত্বাবধানে ৯৬ মিটার দীর্ঘ ছোট যমুনা নদীর ওপর শ্রীপুর সেতুর নির্মাণ কাজে ব্যয় হচ্ছে ৫ কোটি ৩১লাখ ৮৭হাজার ৮৬৫টাকা। সেতুটি নির্মাণ কাজ শেষ হলে ফুলবাড়ী উপজেলার সাথে পার্শ্ববর্তী বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলার অন্তত ৫০টি গ্রামের সাথে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। গড়ে উঠবে এই এলাকায় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান।
ফুলবাড়ীতে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৯ প্রতিবন্ধী শিশুদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে নির্বাহী কর্মকর্তার কার্যলয়ে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার, ইয়ারফোন, চশমা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রোজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা অফিসার মাহাতাবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুরুজ্জামান মিয়া, সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী প্রমূখ।
উল্লেখ্য উপকরণের মধ্যে শারিরিক প্রতিবন্ধী ৩ জনকে হুইল চেয়ার, শ্রবণ প্রতিবন্ধী ৭ জনকে ইয়ারফোন, দৃষ্টি প্রতিবন্ধী ৯ জনকে চশমা প্রদান করা হয়।