বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী আতিক হাসান অনেকদিন পর আবারো অডিও গানে ফিরেছেন। আসন্ন ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস থেকে ‘তুই কি আমার হবি’ শীর্ষক একটি সিঙ্গেল অ্যালবাম প্রকাশ করছেন তিনি। এটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজিব হোসেন।
আতিক হাসান বলেন, ‘শ্রোতারা আমার কন্ঠে যেমন গান শুনতে চায়, এটি তেমনি একটি গান। তবে সুর ও সংগীতে দারুন নতুনত্ব রেখেছি। সময়ের সঙ্গে নতুন কিছু দেবার প্রত্যয় নিয়ে এই গানটি করেছি।’
২০০২ সালে ইথুন বাবুর কথা ও সুরে আতিক হাসানের প্রথম অ্যালবাম ‘মাধবী কী ছিল গো ভুল’ প্রকাশিত হয়। প্রথম অ্যালবামেই আলোচিত হন। অ্যালবামের ‘মাধবী কী ছিল গো ভুল’, ‘যখন শুধু মনে পড়ে তোমাকে’, ‘বোঝোনি ভুল করে’ গানগুলো শ্রোতাদের মধ্যে দারুন জনপ্রিয় হয়।