আন্তর্জাতিক ডেস্ক: জবাইয়ের উদ্দেশ্য গরু বেচাকেনা নিয়ে কেন্দ্রীয় সরকারের নির্দেশনার বিরোধিতায় তুমুল ঝড় চলছে ভারত জুড়ে। তারই মধ্যে গরুকে জাতীয় পশুর স্বীকৃতি দেয়ার সুপারিশ করেছে রাজস্থান হাইকোর্ট। কেন্দ্রের সঙ্গে সমন্বয় গড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজস্থান সরকারকে গতকাল বুধবার নির্দেশ দিয়েছেন আদালত। শুধু তাই নয়, রাজস্থানে গো-হত্যায় দোষী সাব্যস্তদের কারাদণ্ডের মেয়াদ ১০ বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন করার সুপারিশও করেছে হাইকোর্ট।
বুধবার রাজস্থান হাইকোর্টে হিঙ্গোনিয়া গোশালা মামলার শুনানি ছিল। গত বছর অসুস্থতা, অবহেলা ইত্যাদি নানান কারণে ওই গোশালায় মারা গিয়েছিল প্রায় আট হাজার গরু। সেই শুনানি চলার সময়ই এই প্রস্তাব রাখেন বিচারপতি মহেশ চন্দ্র শর্মা।
হত্যার উদ্দেশ্য গবাদি পশু কেনাবেচায় কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক বিতর্কিত বিজ্ঞপ্তির ওপর গতকাল মঙ্গলবার চার সপ্তাহের স্থগিতাদেশ জারি করেছে তামিলনাড়ু প্রদেশের মাদ্রাজ হাইকোর্ট।
একটি জনস্বার্থ মামলায় মঙ্গলবার ওই অন্তর্বর্তীকালীন আদেশ দেন বিচারপতি এমভি মুরলীধরন ও বিচারপতি সিভি কার্তিকেয়নের ডিভিশন বেঞ্চ। পরের দিনই সম্পূর্ণ উল্টো পথে হেঁটে গরুকে জাতীয় পশুর স্বীকৃতি দেয়ার প্রস্তাব রাখল রাজস্থান হাইকোর্ট।
গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হলে গো-হত্যায় রাশ টানা যাবে বলেই মত বিচারপতি মহেশ চন্দ্র শর্মার।বর্তমানে ভারতের জাতীয় পশু বাঘ।
তিনি বলেন, ‘নেপাল গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করেছে। আমাদের দেশ কৃষিভিত্তিক। এখানে গবাদি পশুর পালন যথেষ্ট গুরুত্ব পেয়ে থাকে। তাই ভারতীয় দণ্ডবিধির ধারা ৪৮ এবং ৫১এ(জি) অনুযায়ী রাজ্য সরকারের কাছে আশা করাই যায় যে, গোরক্ষার জন্য কোনও আইনি পদক্ষেপ নেয়া হবে।’
-আনন্দবাজার পত্রিকা