নীলফামারী : গৃহবধূকে ধর্ষনের চেস্টাকালে এলাকাবাসীর হাতে আটক যুবলীগ নেতা সহির উদ্দিনকে(৩৫) ছিনিয়ে নিতে ওই গৃহবধূর পরিবারের উপর হামলা চালিয়ে চারজনকে আহত করার ঘটনা ঘটেছে। আহতদের ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলা ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামে।
এদিকে অভিযোগ উঠেছে ধর্ষনের চেষ্টার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহে সহির উদ্দিনের পক্ষে একটি ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে উল্টো গৃহবধূসহ তার স্বামীর পরিবারের বিরদ্ধে ডিমলা থানায় মামলা করা হয়েছে। এলাকাবাসী জানায়, ঘটনার নায়ক সহির আলী ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি।
গৃহবধূ সাংবাদিকদের অভিযোগ করে বলেন, গত ২৯ মে সকালে আমি বাড়ীতে একাই ছিলাম। এ সময় তার স্বামী ও শ্বশুড়, শাশুড়ি ফসলের মাঠে কাজ করছিল। এ সময় গ্রামের সহির উদ্দিন আমাদের বাড়িতে এসে আমাকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে। আমার চিৎকারে আমার স্বামীসহ শ্বশুড়বাড়ী লোকজন ছুটে এসে সহির উদ্দিনকে আটক করে। এ সময় সহির উদ্দিনের পরিবারের লোকজন তাদের উপর হামলা চালায়। লাঠি সোটা নিয়ে এসে আমাদের উপর হামলা চালালে আমি, আমার স্বামী জহুরুল ইসলাম (২২), শ্বশুর মাজন মিয়া (৫০) ও শাশুরি সুখজান বেগম (৪০) সহ তারা ৪জন আহত হয়েছে। বর্তমানে তারা আহত অবস্থায় ডিমলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে ১ লা জুন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেছেন।
তবে সহির উদ্দিন ধর্ষনের চেষ্টার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ঝুনাগাছচাঁপানি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি হওয়ার কারনে একটি মহল রাস্তায় আটক করে টাকা পয়সা ছিনতাই করে মারপিট করেছেন। এ ঘটনায় ৫ জনকে আসামী করে ৩১ মে ডিমলা থানায় মামলা করেছি।