নীলফামারী প্রতিনিধি: নারীর সৌন্দর্যের অন্যতম একটি অংশ হচ্ছে মাথার চুল। নীলফামারীতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর মাথার সেই চুল কেটে বিক্রির টাকা দিয়ে হেরোইন সেবন করেছে মফিজার রহমান ওরফে ভোলা (২৮) নামে এক নেশাগ্রস্থ স্বামী। গতকাল রাতে এলাকাবাসী নেশাগ্রস্থ ভোলাকে আটক করে থানায় সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ধাইজান পাড়া গ্রামে। পুটিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সায়েম লিটন জানান, ওই এলাকার রহিম উদ্দিনের পুত্র হেরোইন আসক্ত মফিজার রহমান ভোলা নেশার টাকা যোগাড় করতে না পেরে তার স্ত্রী নুন্নাহার বেগম (২৫) এর মাথার চুল কেটে ১২০ টাকায় বিক্রি করে হেরোইন সেবন করেছে। গতকাল দুপুরে তার রোজাদার স্ত্রী নিজ বাড়ীর শয়ন কক্ষে ঘুমালে সে ব্লেড দিয়ে তার মাথার সমস্থ চুল কেটে নিয়ে যায়। পরে নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে এসে বিষয়টি অন্যকে জানার কারনে স্ত্রীকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। এলাকাবাসী নেশাগ্রস্থ আবস্থায় তাকে আটক করে রাতে থানায় দেয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেশাগ্রস্থ মফিজার রহমান ভোলাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।