সিসি ডেস্ক : ভারতের বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) মধ্যপ্রদেশ রাজ্যের মান্দসুরে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তিনি গ্রেফতার হন।
গ্রেপ্তারের পর রাহুল গান্ধীকে অস্থায়ী কারাগার হিসেবে একটি গেস্টহাউসে রাখা হয়। সংবাদ ভারতের বিভিন্ন গণমাধ্যমের।
রাহুল গান্ধী মধ্যপ্রদেশের মন্দসৌর যাওয়ার জন্য বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে রওনা দেন। তিনি রাজস্থান হয়ে মধ্যপ্রদেশে ঢোকেন। পথিমধ্যে তিনি টুইট করেন, ‘আমার মন্দসৌর যাত্রা ঠেকাতে সরকার সক্রিয় হয়ে উঠেছে।’
মধ্যপ্রদেশে ঢোকার পর তিনি মোটরসাইকেলে করে মন্দসৌরের দিকে যাত্রা শুরু করেন। পথে নিমচেতে তাকে থামিয়ে গ্রেফতার করা হয়।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিং গণমাধ্যমকর্মীদের বলেছেন, ‘সব ধরনের নিরাপত্তাব্যবস্থা ভাঙার চেষ্টা করেছেন রাহুল গান্ধী, যা ঠিক নয়। স্কুলছাত্রের মতো হেলমেট না পরে মোটরসাইকেলে চড়া একজন জাতীয় নেতার সঙ্গে যায় না।’
গ্রেফতারের পর কেন্দ্রীয় সরকার ও মধ্যপ্রদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধী বলেছেন, ‘আমি শুধু কৃষকদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমাকে যেতে দেওয়া হলো না। কী কারণে আমাকে গ্রেফতার করা হয়েছে, তা পুলিশ জানাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ধনীদের ঋণ মাফ করে দিচ্ছে, কিন্তু গরিব কৃষকদের ঋণ মওকুফ করছে না। কৃষক ফসলের ন্যায্য দাম পায় না, ক্ষতিপূরণ পায় না, শুধু গুলি খায়।’
শস্যের দাম বাড়ানো ও ঋণ মওকুফের দাবিতে কয়েকদিন ধরে মান্দসুরে বিক্ষোভ করছেন কৃষকরা। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যে কারফিউ বলবৎ আছে। সেই বিক্ষোভের মধ্যে মঙ্গলবার গুলি চালায় পুলিশ। এতে পাঁচ কৃষক নিহত হন। সেই কৃষকদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতেই মান্দসুরে যাচ্ছিলেন রাহুল গান্ধী।