আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের হ্যামস্টেড কিলবার্নআসনে লেবার পার্টির হয়ে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন বঙ্গবন্ধুর নাতনি শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক।
ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে থেরেসা মে ক্ষমতায় আসার দুই বছরের মধ্যেই ৮ জুন আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ব্রিটেনে।
বিশ্বের অন্যতম পরাক্রম রাষ্ট্র হিসেবে ব্রিটেনের নির্বাচন বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। তাছাড়া এ নির্বাচনে লড়ে জিতেছেন সদ্য ভেঙে যাওয়া পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি বিরোধী লেবার পার্টির টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।
২০১৫ সালের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে জয়ী হন টিউলিপ। একই আসনে জেরেমি করবিনের দল থেকে এবারও লড়েন টিউলিপ।
প্রথমবার পার্লামেন্ট নির্বাচনে জিতে নানা ইস্যুতে সর্বদাই সরব থেকেছেন টিউলিপ। স্বাভাবিকভাবেই গণমাধ্যমের নজর কেড়েছেন তরুণ এই রাজনীতিক। টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নে ভোটারদের মধ্যে উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের আধিক্য। তবে অনেক দরিদ্র মানুষও আছেন, আছেন প্রায় হাজারখানেক বাংলাদেশি ভোটার।
গতবার টিউলিপ জিতেছেন মাত্র এক হাজার ১৩৮ ভোটের ব্যবধানে। তবে এবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি লেবার পার্টির সেসব আসনে জয় পেতে মরিয়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত টিউলিপই জিতলেন।
এ আসনে গতবারের তৃতীয় দল লিবারেল ডেমোক্রেট পার্টির ভোটাররাও বেশ সরব ছিল। তাদের প্রার্থী কার্সটি অ্যালান আশা করেছিলেন, ব্রেক্সিটের বিপক্ষে শক্ত অবস্থান তাকে বড় সুবিধা দেবে। ফলে টিউলিপকে এবার লড়তে হয়েছে প্রবল দুই প্রার্থীর বিরুদ্ধে। সেইসঙ্গে তার কপালে ভাজ ফেলেছিল অভিবাসনবিরোধী কট্টর ডানপন্থী দল ইউকিপ।
এটি ব্রিটেনের ৫৭তম সাধারণ নির্বাচন। তবে ১৯৭৪ সালের পর প্রথম আগাম নির্বাচন। নিয়ম অনুযায়ী ২০২০ সালে হওয়ার কথা থাকলেও ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী থেরেসা মে এ আগাম নির্বাচনের ঘোষণা দেন।