নীলফামারী প্রতিনিধি: জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানায় একটি উপ-কারখানায় (সপ) টিনের ছাউনির মেরামত কাজ করার সময় নিচে পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকটি হলেন, আসলাম (৪০)। সে সৈয়দপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাতিখানা বিহারী ক্যাম্পের মৃত. সোলেমানের ছেলে। এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার ক্যারেজ হেভি রিপিয়ারিং (সিএইচআর) উপ-কারখানায়।
জানা যায়, রাজশাহীর একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে আসলাম ঘটনার দিন বিকেলে সৈয়দপুর রেলওয়ে কারখানার সিএইচআর সপ’র টিনের ছাউনির মেরামতের কাজ করছিলেন। এ সময় ওই সপ’র প্রায় ৪০/৫০ ফুট ওপর থেকে পা ফসকে আকস্মিক নিচে পড়েন যান শ্রমিক আসলাম। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সহকর্মীরা সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সূত্র জানায়, মূলতঃ ওই শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু তারপরও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে লাশ দ্রুত নিহত শ্রমিকের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। কারখানার অপর একটি সূত্র জানায়, ৪০/৫০ ফুট উপরে উঠে কাজ করলে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোন ব্যবস্থা ছিল না। এ ঘটনায় ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে কারখানায় বিভাগীয় ত্বত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই খুদা ও সৈয়দপুর রেলওয়ে থানার ওসি একেএম লুৎফর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদেরকে পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য জানা যায নি।