খুলনা : খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ও ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ফয়সাল শিপলু মোল্লাকে দুরবৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে দেয়নাস্থ নিজ বাসা থেকে ডেকে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানান, হত্যাকাণ্ডের সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান এবং তার ভাই বিল্পব জড়িত বলে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
নিহত ছাত্রদল নেতার বাবা বাবু মোল্লা দ্য রিপোর্টকে জানান, হাসান ও বিল্পবরা দশ ভাই, তারা এলাকায় প্রভাবশালী। বিল্পব ও তার ভাই হাসান এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
তবে দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ঘটনা কিছুই জানেন না বলে জানান। তিনি বলেন, এ বিষয়ে আওয়ামী লীগের দলীয় কোন সিদ্ধান্ত নাই। তবে কেউ জড়িত থাকলে তার বিচার হবে।
এ ঘটনার খবর পেয়ে মহানগর বিএনপি সভাপতি পরিবারের স্বজনদের সমবেদনা জানান।
এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরা সুলতানা এ হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন বলেন, দুরবৃত্তরা কুপিয়ে ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল ফয়সাল শিপলু মোল্লাকে হত্যা করেছে।