সিসি নিউজ: রংপুরের পীরগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ১৭ জন শ্রমিক নিহত এবং আটজন আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার কলাবাগান নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রংপুরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের উপরে বসে প্রায় ৩০-৩৫ জন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। ভোর পৌনে ৫টার দিকে কলাবাগান নামক এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

নিহতদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে। তারা হলেন- রবিউল ইসলাম, নাসিদা আক্তার, আজিজুল ইসলাম, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, আনিছুজ্জামান, সুর্পণা, কোহিনুর ইসলাম, শহিদুল ইসলাম, মজনু মিয়া, সাদ্দাম হোসেন, মুনির হোসেন, রফিকুল ইসলাম ও খলিল মিয়া। তারা বাসের টিকিট না পেয়ে সিমেন্টবাহী ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সিমেন্টবোঝই ট্রাক ৩০ জনের মতো যাত্রী নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটে যাচ্ছিল। পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হন কমপক্ষে ১৪ জন। ঘটনাস্থলেই ১২ জন এবং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো পাঁচজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত আটজনকে পীরগঞ্জসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।