।। প্রভাষ আমিন ।।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশের পর গত ৬ জুন পরিবর্তনডটকম’এ প্রকাশিত ‘পচা শামুকে পা কাটা’শিরোনামে এক লেখায় লিখেছিলাম, ‘আমার ধারণা শেষ পর্যন্ত বাজেট পাশের আগে আবগারি শুল্কের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। হয়তো এটি রাখাই হয়েছে পুনর্বিবেচনার জন্য। তখন বলা হবে, এই সরকার জনবান্ধব, তাই জনগণের দাবির মুখে আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করেছে। আর আবগারি শুল্ককেন্দ্রিক আলোচনার ফাঁকে বিনা বাধায় পাশ হয়ে যাবে ভ্যাট আইন।’
দেখেশুনে মনে হচ্ছে আমার ধারণাই সত্যি হতে যাচ্ছে। কার্যকর কোনো বিরোধী দল না থাকলেও বাজেট নিয়ে আলোচনায় উত্তপ্ত জাতীয় সংসদ। সরকারি দলের সিনিয়র এমপি, মন্ত্রীরা যে ভাষায় অর্থমন্ত্রীকে তুলাধুনা করছেন, বিএনপি সংসদে থাকলেও এতটা পারতো কিনা সন্দেহ।
সংসদের বাইরে বিএনপি বাজেটের সমালোচনা করলেও সমালোচনার ভাষায় তারা আওয়ামী লীগকে ছাড়িয়ে যেতে পারেননি। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা তার বয়স নিয়ে কটাক্ষ করেছেন, তাকে কম কথা বলার পরামর্শ দিয়েছেন। আর গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টি অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলারও পরামর্শ দিয়েছেন।
সরকারি দলের মন্ত্রী-এমপিদের কথা শুনে মনে হচ্ছে অর্থমন্ত্রী তার বাসায় গোপনে বাজেট বানিয়ে হঠাৎ সংসদে এনে পেশ করেছেন। তাই বাজেটের ভালো-মন্দের দায় পুরোটা অর্থমন্ত্রীর একার। অথচ বাস্তবতা বলে, বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় ব্যক্তি হিসেবে অর্থমন্ত্রীর অবদান সামান্যই।
লম্বা আমলাতান্ত্রিক প্রক্রিয়া শেষে মন্ত্রিসভায় অনুমোদনের পরই বাজেট সংসদে উপস্থাপন করা হয়। মন্ত্রিসভার যে সব সদস্য আজ বিপ্লবী বক্তব্য রাখছেন, তারা এই কথাগুলো তখন বলেননি কেন? কেন এখন অর্থমন্ত্রীকে বলির পাঠা বানানো হচ্ছে?
সংসদে বাজেট আলোচনার নামে যা হচ্ছে, তা যদি সত্যি হতো, এটা হতে পারতো গণতন্ত্রের উৎকর্ষের, সৌন্দর্যের এক দারুণ উদাহরণ। দলের কথা না ভেবে সবাই সততার সাথে নিজের মত তুলে ধরছেন, জনপ্রতিনিধিরা জনগণের কথা তুলে
ধরছেন। দারুণ ব্যাপার। কিন্তু আমি লোক খারাপ। সবকিছু অত সাদামাটাভাবে দেখতে পারি না। আমার সবকিছুকে খালি সন্দেহ হয়।
সংসদে সরকারি দলের হঠাৎ বিপ্লবকে তাই আমার কাছে নাটক নাটক লাগে। নইলে সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে এমন বিপ্লব করার মত বুকের পাটা অন্তত সরকারি দলের নেতাদের নেই। সবাই বলাবলি করছেন, সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতেই এ নাটক সাজানো হয়েছে।
এখন আবার সিনিয়র মন্ত্রীরা অর্থমন্ত্রীর পাশে দাঁড়িয়ে নাটকে ভারসাম্য আনছেন। সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। প্রস্তাবিত বাজেটটি বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। আরেকটি বাজেট হয়তো পেশ করার সুযোগ পাবে বর্তমান সরকার।
তবে সেটি কার্যকরের সময় পাবে না। তাই সবাই ধরে নিয়েছিল, এটি হবে পুরোপুরি নির্বাচনী বাজেট। ৮৪ বছর বয়সী অর্থমন্ত্রী নিজেও দাবি করেছেন, এটি তার জীবনের শ্রেষ্ঠ বাজেট।
কিন্তু বাজেট পেশের পরেই যেন আগুন লাগল। বাজেট পেশের আগে থেকেই ভ্যাট নিয়ে আগুন জ্বলছিল। পেশের পর সেই আগুনে ঘি ঢেলেছে আবগারি শুল্ক। ব্যাংক আমানতের ওপর আবগারী শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করায় এমন গেল গেল রব উঠে, যেন সরকার রক্তচোষা, ব্যাংকে টাকা রাখলেই সরকার পাবলিকের টাকা চুষে খাবে।
অথচ বাজেটে এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত স্থিতি থাকলে বছরে একবার আগে যেখানে ৫০০ টাকা কাটা হতো, এখন কাটা হবে ৮০০ টাকা। বছরে একবার ৩০০ টাকা বেশি। আগে ব্যাংকে ২০ হাজার টাকা রাখলেই আবগারি শুল্ক দিতে হতো।
এবার এক লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। আবগারি শুল্ক বাড়ানো নিয়ে চারদিকে গেল গেল রব উঠলেও এক লাখ টাকা পর্যন্ত যে রেয়াত দেয়া হলো, তা নিয়ে কিন্তু কেউ অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেননি। বাজেটের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত আবগারি শুল্ক খাত থেকে সরকারের বাড়তি আয় হবে মাত্র ৩৫৫ কোটি টাকা। ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাবনায় যা নিছক বুদবুদ মাত্র।
অর্থমন্ত্রী বা সরকার কেন নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে পা কাটার জন্য এমন একটি পচা শামুক রেখে দিল তা আমার মাথায় ঢোকেনি। তবে আমি আগেই ধারণা করেছিলাম, আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব রাখাই হয়েছে বাদ দেয়ার জন্য।
ব্যাপারটা এমন সামনে দিয়ে মশা গেলে আমরা ধরার জন্য ব্যাকুল হয়ে যাই, পেছন দিক দিয়ে হাতি চলে গেলেও টের পাই না। বছরে একবার ৩০০ টাকা বাড়তি শুল্ক নিয়ে আমরা যতটা সোচ্চার, ভ্যাট নিয়ে ততটা নয়। আমার ধারণা মূলত আমাদের নিত্যদিনের কেনাকাটায় অনেক বেশি প্রভাববিস্তারী ভ্যাট আইনের বিতর্ক আড়াল করতেই আবগারি শুল্কের ঢাল রাখা হয়েছিল। কিন্তু সেই ঢাল মনে হয় হিতে বিপরীত হয়েছে।
সরকারি দলের নীতিনির্ধারকরা হয়তো বুঝতেই পারেননি সামান্য আবগারি শুল্ক ঘরে-বাইরে এমন আগুন জ্বালিয়ে দেবে। এখন আবগারি শুল্ক তো যাচ্ছেই, সম্ভবত কার্যকর হচ্ছে না ভ্যাট আইনও। আসলে ভ্যাট আইন কার্যকর করার প্রস্তুতিই নেই- না সরকারের, না ব্যবসায়ীদের।
অপ্রস্তুত অবস্থায় ভ্যাট আইন কার্যকর করা হলে জনগণের পকেট কাটা যাবে ঠিকই, কিন্তু তা সরকারের কোষাগারে জমা হবে না। প্রস্তাবিত বাজেটকে নির্বাচনী বাজেট বানাতে এখন নাকি ব্যাপক কাটাকুটি চলছে। একেই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী পাঠকমাত্র। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে তার দায় হয়তো একটু বেশি, কিন্তু কাগজে-কলমে বাজেটের ভালো-মন্দত্বের দায় মন্ত্রিসভার। আর বাস্তবে অর্থ মন্ত্রণালয়ের আমলাদের। কিন্তু এখন গালি শুনতে হচ্ছে বেচারা অর্থমন্ত্রীকে একাই।
পুরো নাটকে বলির পাঠা বানানো হয়েছে তাকে। তিনি কি জেনেশুনেই এ বিষ পান করেছেন, নাকি তাকে অন্ধকারে রেখেই সরকারকে জনবান্ধব প্রমাণে সাজানো হয়েছে গোটা এপিসোড। তবে সমালোচনা অনেকটাই প্রাপ্য আবুল মাল আবদুল মুহিতের। সেটা যতটা তার প্রস্তাবিত বাজেটের জন্য, তারচেয়ে বেশি তার কথাবার্তার জন্য।
একটি জনপ্রিয় সরকারের ধরন হলো, জনগণের কথা শোনা, প্রয়োজনে তাদের দাবির মুখে অবস্থান পরিবর্তন করা। বর্তমান সরকার সেটা অনেকবারই করেছে। কিন্তু ক্যারিয়ার আমলা মুহিত শেষ বয়সে রাজনীতিতে আসলেও পুরোপুরি রাজনীতিবিদ হতে পারেননি।
তিনি অল্পতেই ক্ষেপে যান। সবাইকে রাবিশ বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। আর সবকিছুতে অনড় থাকেন। বাজেট প্রস্তাবের আগে ভ্যাট নিয়ে ব্যবসায়ীরা অনেক দাবি করলেও অর্থমন্ত্রী কোনো ছাড় দেননি। বাজেট প্রস্তাবের পর আবগারি শুল্ক নিয়ে সমালোচনা শুরুর পর অনেকেই পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছেন।
কিন্তু অর্থমন্ত্রী বারবারই বলছেন, আবগারি শুল্ক কমানোর কোনো সুযোগ নেই। এমনকি তার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান আবগারি শুল্ক কমানোর ইঙ্গিত দিলে অর্থমন্ত্রীর তার এখতিয়ার নিয়েই প্রশ্ন তোলেন। এখন যখন সব বদলে যাচ্ছে, তখন কেমন লাগবে তার?
বর্তমান সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের অনেক কৃতিত্ব তার হলেও হুট করে ক্ষেপে যাওয়া, উল্টাপাল্টা কথা বলা আর একগুয়েমির কারণে আবুল মাল আবদুল মুহিতই এই সরকারের নন্দ ঘোষ। সব দোষ অনায়াসে তার ঘাড়ে দিয়ে দেয়া যায়।
যিনি হতে পারতেন সবচেয়ে সফল মন্ত্রী, তিনিই এ সরকারের সবচেয়ে অজনপ্রিয় মন্ত্রী। শেয়ারবাজার ও ব্যাংকিং খাতের লুটপাটের সামাল দিতে না পারায় সরকারকে অজনপ্রিয় করার দায়ও অনেকটাই তার।