নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের আর্দশ মৎস্য খামারের একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
আর্দশ মৎস্য খামারের মালিক সোহরাব আলী জানান, তার ১ একর জমির পুকুরটিতে তিনি দীর্ঘ দিন থেকে মাছ চাষ করে আসছেন। মাছ চাষ করে যা আয় হতো তা দিয়ে দুই ছেলে ও তিন মেয়ের পড়াশোনা সহ সংসার চলত। এবার খামারের পুকুরটিতে বিভিন্ন জাতের ১০ মণ মাছের পোনা ছাড়া হয়। আর এক মাস পড়ে মাছগুলো বিক্রি করা যেত। এ অবস্থায় গভীর রাতে কে বা কাহারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে চাষ করা রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, তেলাপিয়া ও সরপুটিসহ বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠতে থাকে। বৃহস্পতিবার সকালে এ দৃশ্য দেখে বিভিন্ন কৌশলে মাছগুলো বাঁচানোর চেষ্টা করলে কোন কাজ হয়নি। সোহরাব আলীর ছেলে ও নীলফামারী সরকারী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র নুর মোহাম্মদ সোনা মিয়া জানান, আর্দশ মৎস্য খামার নামের এ পুকুরটিতে মাছ চাষের জন্য আমার বাবা ব্যাংক ও বে-সরকারী সংস্থা থেকে তিন লাখ টাকা ঋণ নেয়। আর মাত্র এক মাস পরে মাছগুলো বিক্রি করলে প্রায় ৫ লাখ টাকার মাছ বিক্রি হত। এখন মাছগুলো মরে যাওয়ায় ব্যাংকের ঋণ পরিশোদের চিন্তায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, বিষয়টি দুঃখজনক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।