সিসি ডেস্ক: বিএনপি আমলের মতো আগামী নির্বাচনে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে রবিবার (২ জুলাই) ঈদুল ফিতরে গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা এবং ঈদুল আজহার কর্মপরিকল্পনা সংক্রান্ত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা জানান।
বিএনপি চেয়ারপারসন আগামী নির্বাচনের সময় সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন- এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বেগম জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি যখন নির্বাচন দিয়েছিল, জেনারেল জিয়াউর রহমান ও বেগম জিয়া তারা যেভাবে সেনাবাহিনীকে নির্বাচনের সময় মোতায়েন করেছিলেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে। ঠিক একইভাবে সেনাবাহিনী মোতায়েন হবে। যেটা ইলেকশন কমিশন করবে যেখানে প্রয়োজন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন হবে। এটা আমাদের সংবিধানেও আছে। বেগম জিয়ার এর বাইরে কিছু করেননি।’
তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) সাতদিন আগে নয়, এক দিন আগেও কোথাও সেনাবাহিনী দেননি। তার আমলে অনেক ইলেকশন হয়েছে। যেটা নিজে প্র্যাকটিস করেননি সেটা অন্যকে করার উপদেশ কেন দিচ্ছেন?’
নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হচ্ছে, বাহিনী ওই সময় যে কোন অভিযানের জন্য প্রস্তুত থাকবে। কোথাও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কোন ঘটনা ঘটলে সেখানে তারা যাবে।
সুইচ ব্যাংকে বাংলাদেশীদের টাকার বড় অংশই আওয়ামী লীগের নেতাদের, তারাই বেশি দুর্নীতি করছে, বিএনপি চেয়ারপারসনের এমন দাবির বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘ওই রেকর্ডটা তো ওনাদের আছে, আমাদের নেই। তারেক-কোকোর সেই কেচ্ছা কাহিনী। বাংলাদেশের সবাই জানে, সারা দুনিয়া জানে। যেটা আদালতে প্রমাণিত, দেশের আদালতে নয়। সিঙ্গাপুরে প্রমাণিত, আমেরিকায় প্রমাণিত, এফবিআইয়ের সাক্ষ্য থেকে প্রমাণিত। আমাদের এমন কোনো প্রমাণ নেই।’