রংপুর : রংপুরের মিঠাপুকুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইদ্রিস আলী নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ২ রাউন্ড গুলিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলে জানিয়েছে।
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, রবিবার ইদ্রিসকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। পরে রাত সাড়ে ৩টার দিকে ইদ্রিসকে নিয়ে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধারের জন্য মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রাম আনোয়ার গ্রামের কাছে ঈদগাহ মাঠের কাছে গেলে ইদ্রিসের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এতে ইদ্রিস নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি দা, ১টি ব্যাকি ও ২টি ছোড়া উদ্ধার করা হয়। নিহত ইদ্রিসের বাড়ি মিঠাপুকুর উপজেলার মমিনপুর বাতাসন এলাকায়। তার বাবার নাম সাখাওয়াত হোসেন।
তার বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মোটরসাইকেল ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পরে ইদ্রিসের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।