নীলফামারী প্রতিনিধি: জেলার বিভিন্ন মামলায় পলাতক ও চার্জশীটভুক্ত জামায়াতের ৭জন নেতাকর্মী সহ ৪০ জন বিভিন্ন মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে পলাতক এ সব আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিস্ফোরক মামলায় আসামী রয়েছেন চারজন। এরা হলেন, জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন জামায়াতের আমীর ও ওই ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন (৫৫), একই এলাকার জামায়াত কর্মী আব্দুর রাজ্জাক (৪৮), আহমেদ হোসেন (৪৫), কিছামত খুটামারা বটতলী এলাকার জামায়াতকর্মী সৈয়দ আলী (৪৫)। এছাড়া দক্ষিন দেশীবাই এলাকার জামায়াতকর্মী মাহমুদুল আলম (৩৫), নুরজ্জামান (৩২) ও মীরগঞ্জ এলাকার নঈমুন হক (৩০) কে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়। জেলা পুলিশের কন্ট্রোল রুম সুত্র মতে, জিআর, সিআর ও বিভিন্ন মামলার গ্রেফতারকৃতদের মধ্যে জলঢাকা থানায় ২১ জন, ডোমার থানায় ৬ জন, কিশোরগঞ্জ থানায় ৫ জন, সদর থানায় ৩ জন, সৈয়দপুর থানায় ৩ জন ও ডিমলা থানায় ২ জন সহ ৪০ জন। জামায়াত নেতারা ছাড়া অপর ৩৩ জন আসামী আদালতের ওয়ারেন্টভুক্ত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার ও চুরি ডাকাতি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।