সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল ওরফে বাবুয়াকে (৪০) গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ। শুক্রবার (৭ জুলাই) রাতে সৈয়দপুর শহরের রেলওয়ে কারখানা গেট সড়কের শ্রমিক লীগ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ১০টার সময় মাদক সম্রাট জামিল ওরফে বাবুয়া শহরের উল্লিখিত এলাকায় ইয়াবা বিক্রি করছিল। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে সৈয়দপুর থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন ও এসআই ওয়াদুদ হোসেন সরকারের নেতৃত্বে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর কথাবার্তায় অসংলগ্নতায় পুলিশের সন্দেহ হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের প্যাকেট থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাবুয়ার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।