আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের ভারত অবশ্যই নাগরিকত্ব দেবে বলে জানিয়েছেন দেশটির মানবাধিকার সংগঠন বিশবা হিন্দু পরিষদের প্রেসিডেন্ট প্রবীন তোগাদিয়া। এমনকি তাদের নিরাপত্তার দায়িত্বও ভারত নেবে বলে জানান তিনি।
আসামের হোজায় জেলায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ অঞ্চলের প্রায় ২৫টির বেশি সংগঠন বরাবরই এই বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যে দ্য সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬ প্রণয়ন করেছে, তা ১৯৮৫ সালের আসাম চুক্তির বিরোধী।
ওই চুক্তি অনুযায়ী, ২৫ মার্চ ১৯৭১ সালের পর বাংলাদেশ থেকে হিন্দু ধর্মাবলম্বী বা মুসলিম যে কেউ আসামে প্রবেশ করলে তা অবৈধ হবে।
ইকোনমিক টাইমসের খবরে বলা হচ্ছে, বর্তমানে বিলটি উভয় পার্লামেন্টে বিবেচনাধীন আছে।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি পরে জানান, আসামের এই বিরোধী মনোভাব কোনোভাবে মেনে নেওয়া হবে না। বিলটি বাস্তবায়নের জন্য তিনি সরকারি পদক্ষেপকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।