দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে প্রমীলা ক্রিকেটারদের যৌন হয়রানির ঘটনায় কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে নতুন করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রসাশন। এর আগে হয়রানীর শিকার প্রমিলা ক্রিকেটারের এক অভিভাবকের লিখিত আপত্তির মুখে আগের ৩ সদস্য বিশিষ্ট কমিটি বাতিল করে জেলা প্রশাসক।
রবিবার (৯ জুলাই) আগের কমিটি বাতিল করে ৭ সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। ওই কমিটির প্রধান হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়েছে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম মাসুদ রানাকে। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানকে প্রধান করে এবং সুব্রত মজুমদার ডলার ও মিলি চৌধুরীকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন জেলা প্রশাসক। যা শনিবার যৌন হয়রানীর শিকার একজন প্রমীলা ক্রিকেটারের বাবার করা লিখিতভাবে আপত্তির ফলে বাতিল করে জেলা প্রশাসন।
লিখিত আপত্তিতে ওই অভিভাবক অভিযোগ করেন, তদন্ত কমিটির দুই সদস্য যথাক্রমে সুব্রত মজুমদার ডলার ও মিলি চৌধুরী আবু সামাদ মিঠু পরিচালিত প্রচেষ্টা নামক একটি ক্রিকেট কোচিং সেন্টারের সভাপতি ও সহ-সভাপতি। তাই তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন। সঙ্গে তদন্ত কমিটির সদস্য সুব্রত মজুমদার ডলার ও মিলি চৌধুরীকে কমিটি থেকে বাদ দিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
এদিকে, জেলা প্রশাসক মীর খায়রুল আলম লিখিত আপত্তি পাওয়ার কথা নিশ্চিত করে জানান, এ বিষয়ে লিখিত আপত্তি পাওয়ার পর আজ (রবিবার) পুর্বের তদন্ত কমিটি বাতিল করে নতুন ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, আবু সামাদ মিঠু দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দিনাজপুর জেলা কোচ। সম্প্রতি প্রমীলা ক্রিকেটারদের যৌন নিপীড়নের অভিযোগে মিঠুকে সাময়িক বরখাস্ত করে বিসিবি এবং দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা।