ঢাকা: নির্ধারিত সময়ে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। আজ সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৮ জন হজযাত্রীকে নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১।
বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান।
এদিন আরও ৩টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদির উদ্দেশে রওনা হবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
সোমবার বেলা ১১টা ৫৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়বে বিমানের ফ্লাইট বিজি-৩০১১। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বিজি ৫০১১ ফ্লাইটে জেদ্দা যাবেন আরও ৪১৯ জন। এ ছাড়া নিয়মিত ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০ মিনিটে জেদ্দার উদ্দেশে রওনা হবে।
হজযাত্রীদের বিমানের টিকিটে আবগারি শুল্ক এবং সৌদি আরবে বিমানবন্দরে বর্ধিত টার্মিনাল ভাড়া বাবদ মাথাপিছু বাড়তি ৩ হাজার টাকা কে পরিশোধ করবে, তা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা দূর হয়েছে। হজযাত্রীদের কোনো বাড়তি টাকা পরিশোধ করতে হবে না।
গত কয়েক বছরের মতো এবারও জমজমের পানি আগেই বাংলাদেশে আনা হবে। হজযাত্রীরা ফিরে এলে বিমানবন্দরে তাদের হাতে ৫ লিটার করে পানি তুলে দেয়া হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইকোনমি ক্লাসের প্রত্যেক হজযাত্রী দুটি ব্যাগে সর্বোচ্চ ৪৬ কেজি এবং বিজনেস ক্লাসে সর্বোচ্চ ৫৬ কেজি মালামাল নিতে পারবেন। এর বাইরে কেবিন ব্যাগেজে নেয়া যাবে ৭ কেজি।
কোনো ধরনের ধারালো বস্তু- যেমন ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব দাঁত খিলান, তাবিজ বা গ্যাস জাতীয় বস্তু- যেমন অ্যারোসল এবং ১০০ মিলি লিটারের বেশি তরল পদার্থ হ্যান্ড ব্যাগেজে বহন করা যাবে না। কোনো ধরনের খাবারও সঙ্গে নেয়া যাবে না।
এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে প্যাকেজ-১ এর আওতায় ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং প্যাকেজ-২ এর আওতায় তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ পড়ছে।
এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার।