সিসি ডেস্ক: বগুড়ায় সন্ত্রাসী বাহিনী দিয়ে তুলে এনে মেয়েকে ধর্ষণের পর মা ও মেয়ের মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলনের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুতবিচার ট্রাইব্যুনালের আওতায় এনে তুফান সরকার ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তনু হত্যার বিচার আমরা এখনও পাইনি। তনু হত্যার বিচার হলে আজকে বগুড়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি হত না।
বক্তারা আরো বলেন, তুফান সরকার কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না। এ সকল মানুষ, মানুষ নামের হায়ানা। জন্তু জানোয়ারও তাদের থেকে অনেক ভালো। এই হায়ানার দল সব সময় সরকারি দলের ছত্রছায়ায় নিজেদের লালন করে।
তারা বলেন, সরকার পরিবর্তন হয় কিন্তু এ জানোয়ারদের পরিবর্তন হয় না। সারাদেশে তাদের চিহ্নিত করতে হবে। দ্রুততম সময়ে তুফান সরকারসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধ করতে সাহস না পায়।
মানববন্ধনে আরো বক্তব্য দেন- বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ, সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির হিরু, জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন অর রশিদ খান প্রমুখ।