দিনাজপুর : অবৈধভাবে অনুপ্রবেশের পর ভারতের শিশু শোধনাগারে আটক বাংলাদেশী ৬ শিশু-কিশোরকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
বুধবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারত হিলি ইমিগ্রেশন ওসি নাজির হোসেন বাংলাদেশ হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেনের কাছে তাদের হস্তান্তর করেন। এসময় বিজিবি-বিএসএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র উপস্থিতিতে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্য রেখায় ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ অফিসার নাজির হোসেন এসব শিশু-কিশোরকে বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশ অফিসার আফতাব হোসেনের কাছে হস্তান্তর করেন। দেশে ফেরত আসা শিশু-কিশোরদের বয়স ১১ থেকে ১৭ বছর এর মধ্যে।
ফিরে আসা শিশু-কিশোরা হলো-কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাগদহ গ্রামের মজনু মিয়ার ছেলে নাজমুল হক (১৬), ধনীরামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে স্বাধীন হোসেন (১৭), ফরিদপুরের নগরকান্দা উপজেলার জগদিয়া গ্রামের খসরু শেখের ছেলে সোহান শেখ(১২), সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত পান্না শেখের ছেলে মুন্না শেখ (১১), দিনাজপুরের বিরল উপজেলার মৌচুনা গ্রামের কেকারু রায়ের ছেলে সাগর রায় (১৩) ও ঘোড়াঘাট উপজেলার কুন্দারাম গ্রামের আলম হোসেনের ছেলে আব্দুর রহমান (১৪)।
ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানান, এসব শিশু-কিশোররা এক থেকে দেড় বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটকদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় কারাগারে না পাঠিয়ে তাদের ভারতের দক্ষিণ দিনাজপুর শিশু শোধনাগারে পাঠায় ভারতীয় পুলিশ। ভারতে ৮ থেকে ১৬ মাস আটক থাকার পর দু’দেশের আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে এরা কেউ দালালের খপ্পরে, কেউ ঘুরতে যেয়ে আটক হয়। তারপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) নির্দেশে চাইল্ডলাইনের মাধ্যমে শুভায়ন হোমে আশ্রয় পায় এই কিশোররা।