কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ভৈরব শহরের আমলাপাড়া এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
নিহতরা হলো, পৌর শহরের আমলাপাড়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে দিয়ামনি (৮) ও একই এলাকার চাঁনমিয়ার ছেলে পিয়াস (৬)।
নিহত দিয়ামনি স্থানীয় নিউটাউনস্থ সিটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও পিয়াস ঘোড়াকান্দার উদয়ন স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী বলে জানা যায়।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পিয়াস ও দিয়ামনি তাদের সহপাঠিদের সাথে সকালে তাদের বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে ডুবে যায়। এ সময় অন্য শিশুরা তা দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এমন মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।