ফরিদপুর: ঢাকা মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী অথৈ, পঞ্চম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি পায় সে। গত দুদিন আগে বৃত্তির টাকার চেক পেয়ে বাবার হাতে দিয়ে বলে, “বাবা আমার এ টাকাটা আমার নানুর দেশের বন্যার্ত মানুষের জন্য আমি খরচ করব।” তার মা ফরিদপুর চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এম.পি. ডাঙ্গী গ্রামের বাসিন্দা।
মেয়ের ভাবনাকে মূল্যায়ন করতে অথৈর মা চরভদ্রাসন উপজেলা প্রেস ক্লাবের সাথে যোগাযোগ করলে তার প্রদত্ত বৃত্তির ২৫শ টাকা সরেজমিনে গিয়ে চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের বন্যা কবলিত কালু মোল্যা (৮৫), শাহনাজ বেগম (৩৮), রাবেয়া খাতুন (৭০), আলেয়া বেগম (২৮) এবং লালমিয়া(৭৮) এর পরিবারকে ৫শ টাকা করে পৌছে দেয় চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
জানা যায়, অথৈ তার পরিবারের কাছে তার ইচ্ছের কথা ব্যক্ত করলে তার মা চরভদ্রাসন উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আবদুস সবুর কাজল এর সাথে যোগাযোগ করে তার বিকাশ একাউন্টে ২৫শ টাকা পাঠালে উক্ত প্রেসক্লাবের অপর দুই সদস্য সাংবাদিক মো. আফজাল হোসেন ও সাংবাদিক মো. ইলিয়াস হোসেনকে সাথে নিয়ে বালিয়াডাঙ্গী গ্রামের বন্যার্ত অসহায় ও দুস্থ পাঁচ পরিবারকে পাঁচশত টাকা করে বিতরণ করেন ।