সিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ৩০ নভেম্বর ঢাকা আসছেন ভ্যাটিক্যানের পোপ ফ্রান্সিস। মিয়ানমার থেকে ঢাকায় এসে ২ ডিসেম্বর পর্যন্ত তিনি অবস্থান করবেন। রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশায় পোপ উদ্বেগ জানিয়েছেন।
পোপের আসন্ন ঢাকা সফর উপলক্ষে আজ সোমবার রাজধানীর কাকরাইল আর্চ বিশপ হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত জর্জ বুচেরি।
তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন সময়ে পোপ বক্তব্য দিয়েছেন। গতকালও (রোববার) পোপ একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা বলেছেন।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশের কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেন, ‘রোহিঙ্গারা মানুষ। তারা যেন উদ্বাস্তু হয়ে না থাকে, পোপ সবসময় সেই শিক্ষাই আমাদের দিয়েছেন। পোপ তার নৈতিক দায়িত্ব পালন করছেন।’
এর আগে ১৯৮৬ সালে সর্বশেষ ভ্যাটিক্যানের কোনো পোপ ঢাকা সফর করেন। ওই বছর ঢাকায় এসেছিলেন পোপ জন পল।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা অবস্থানকালে পোপ ফ্রান্সিস রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন। তিনি স্থানীয় খ্রীষ্টান সম্প্রদায়ের সাথে দেখা করবেন।
পোপের সফরকে সামনে রেখে ভ্যাটিক্যানের একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগের সাথে প্রস্তুতি নিয়ে আলোচনা করেছে।