
প্রতিকী ছবি
ঢাকা: সোমবার রাতে রাজধানীর গোলাপবাগে সুয়ারেজ লাইন বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। ডিএমপির ডেমরা-যাত্রাবাড়ি এলাকার সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, গ্যাস বিস্ফোরণে ম্যানহোলের ঢাকনা ছুটে গিয়ে তার আঘাতে একজন মারা যান। বিস্ফোরণে আগুন ধরে গেলে তাতে দগ্ধ হয়ে মারা আরো একজন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। তারা পথচারী বলে ধারণা করা হচ্ছে।
যাত্রাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ বলেন, রাত সাড়ে ৮টার দিকে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রাস্তার ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি পাশের একটি দোকান ও বাসায় আগুন লেগে যায়। দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়।
অগ্নিদগ্ধ আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার নাম আবুল হাসেম (২৫)। হাসেমের দেহের ৭৫ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাচ্চু মিয়া।