চট্টগ্রাম : আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরো ৯ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে ভর্তি করা হয়েছে। আহত এই রোহিঙ্গারা গুলিবিদ্ধ ও অগ্নিদগ্ধ ছিলেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, আজ সোমবার ভোরে কক্সবাজার থেকে চারজন মিয়ানমারের নাগরিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মধ্যরাতে আরো পাঁচজনকে আহতাবস্থায় আনা হয়।
আহতদের মধ্যে দুজন অগ্নিদগ্ধ আর বাকিরা গুলিবিদ্ধ বলে জানিয়েছেন জহিরুল আলম। তিনি আরো জানান, আহতদের মধ্যে তিনজন পুলিশ হেফাজতে আছেন।
এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে আহতরা জানিয়েছেন, তাঁরা মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা। সেখানে হামলাকারীদের গুলিতে আহত হয়ে কক্সবাজার আসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের চমেক হাসপাতালে পাঠানো হয়।
এর আগে গত শুক্রবার মোখতার হোসেন ও মো. মুছা নামের দুই মিয়ানমারের নাগরিককে গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গত শনিবার গুলিবিদ্ধ মুছা মারা যান।