সিসি নিউজ: বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও মুক্তিযোদ্ধা কাজী সিরাজ আর নেই। বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর বনশ্রীর নিজ বাসায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি……রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। কাজী সিরাজের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
জাতীয় পার্টির নেতা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমেদের চাচাতো ভাই ছিলেন কাজী সিরাজ।
কাজী সিরাজ ছিলেন দেশের অন্যতম সাংবাদিক-কলাম লেখক। টানা চার যুগ সাংবাদিকতা করেছেন। রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ ও মধ্যরাতের টিভি টকশোতে ছিল তার সরব উপস্থিতি।
প্রসঙ্গত, কাজী সিরাজ এখন সাপ্তাহিক ‘রোববার’ এর উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের বিভিন্ন দৈনিকে নিয়মিত কলাম লিখতেন তিনি।