
সিসি নিউজ: রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে মায়ের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে তার দুই শিশুসন্তান। আজ রবিবার ভোররাত ৪টার দিকে সোনাকাটরা এলাকায় একটি আসবাবপত্রের দোকান ও পাশের টিনশেড ঘরে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে মারা গেছেন মা জেসমিন (৩৮)। দগ্ধ হয়েছে তার ছেলে আমানুল্লাহ (১১) ও মেয়ে সানজিদা (৮)।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে নেয়ার পর মা জেসমিন মারা যান।
দগ্ধ জিসানের চাচা নূর আলম জানান, তার বাবা আব্বাস আলী কাতারপ্রবাসী। দুই সন্তানকে নিয়ে জিয়াসমিন ওই বাসায় ভাড়া থাকতেন। রাতে দগ্ধ হওয়ার পর তাদের সবাইকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় জিয়াসমিনের মৃত্যু হয়। জিসান ৩০ শতাংশ ও সানজিদা ২৮ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছে।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জিয়াসমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, জিয়াসমিনের দুই সন্তানের অবস্থাও আশঙ্কাজনক।