কক্সবাজার : কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে রোহিঙ্গাদের ট্রলার ডুবির ঘটনায় আরও ৬ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকতের পাথুয়ারটেক এলাকার সাগর থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন নারী, তিনজন শিশু এবং দুইজন পুরুষ ছিল।
এরআগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ট্রলারডুবির পর এ পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সাগরে দমকা হাওয়াসহ ভাটার টান ছিলো বলে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। এছাড়া উদ্ধার করা নিহতদের স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।