রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় বজ্রপাতে আহত হয়ে বিলের পানিতে পড়ে তিন জেলে নিহত হয়েছেন। একই ঘটনায় আরো ৯ জন জেলে আহত হয়েছেন। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বিলসুতি বিলে এ ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করেন।
নিহতরা হলেন- বড়বিহানালী গ্রামের বশির উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫০), আবদুল খালেকের ছেলে খুরশেদ আলম (৩৮) ও সেকেন্দার আলীর ছেলে জালাল উদ্দিন (৪০)।
বাগমারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানিয়েছেন, তিন জেলেই মারা গেছেন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে।