চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কোন্দলের রাজনীতির জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত সুদীপ্ত বিশ্বাস সদরঘাট থানার ৭১৫/দক্ষিণ নালাপাড়ার বাবুল বিশ্বাসের ছেলে। মহানগর ছাত্রলীগের পাশাপাশি সরকারি সিটি কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।
আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে নগরীর সদরঘাট থানা এলাকায় এ ঘটনা ঘটে।
সদরঘাট থানার ওসি মর্জিনা আকতার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকাল সোয়া ৭টার দিকে দুটি ছেলে এসে সুদীপ্তকে বাসা থেকে ডেকে বের করে নিয়ে যায়। একটি নির্জন জায়গায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।