বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘পার্টিসিপেটরী অ্যাকশন রিসার্চ বা গণগবেষণা’ বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র যৌথ উদ্যোগে রবিবার কর্মশালাটি শুরু হয়। দুপুর ৩টায় কবি হেয়াত মামুদ ভবনের ২য় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় গবেষণাধর্মী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ড. মো: নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন পল্লীশ্রী’র কর্মকর্তা মুকিম চৌধুরী। বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪০জন শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নিচ্ছেন।
কর্মশালায় প্রধান অতিথি অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ বলেন, ‘উচ্চশিক্ষার জন্য গবেষণাকর্মের কোনো বিকল্প নেই। পল্লীশ্রীর গণগবেষণা প্রকল্প থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সাথে উপকৃত হবে দেশের প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠী।’
এর আগে, গত ৩ আগস্ট ও ২১ সেপ্টেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাথে পৃথক দু’টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী। মূল সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বেরোবি উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এবং গবেষণা কর্ম পরিচালনা সংক্রান্ত চুক্তিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পক্ষে বিভাগীয় প্রধান ড. মো: নজরুল ইসলাম স্বাক্ষর করেছিলেন।
সমঝোতা স্মারক দু’টির শর্ত অনুযায়ী পল্লীশ্রী’র সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কাজ করবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন গবেষণাকর্ম পরিচালনা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালার আয়োজন করা, উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, প্রকাশনা, শিক্ষা বিষয়ক তথ্যাদি ও গবেষক আদান-প্রদান করবে।
এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার এ গণগবেষণা বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। আজ সোমবার দুপুর আড়াইটায় কর্মশালার সমাপনী দিনের কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির অর্থায়নে অক্সফাম জিবির সহায়তায় দেশের প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর নারীদের উন্নয়নে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী।