ঢাকা : রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে উঠে আসা বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে হবে এ সংবাদ সম্মেলন।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন সংস্কার, সীমানা পুনঃনির্ধারণসহ ঘোষিত রোডম্যাপ নিয়ে কেএম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত নেয়। গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সংলাপ শুরু করে ইসি। ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে ইসি। এরপর ২৪ আগস্ট থেকে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন, যা শেষ হয় গত বৃহস্পতিবার।
এরপর ২২ অক্টোবর পর্যবেক্ষক সংস্থার প্রধান ও ২৩ অক্টোবর নারী নেত্রীর সঙ্গে মতবিনিময় করেছে ইসি। আজ নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপের মধ্যে দিয়ে শেষ হলো ইসির রোডম্যাপ অনুযায়ী সংলাপ।
ইসির যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, সংলাপের পাওয়া বিভিন্ন প্রস্তাব সম্পর্কে বিস্তারিত জানানো হবে আগামী বৃহস্পতিবার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ সংবাদ সম্মেলন শুরু হবে বেলা ১১টায়।