সিসি ডেস্ক: পাবনায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন মারা গেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। রবিবার দুপুর ১টার দিকে পাবনা-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত বাসযাত্রীদের পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া নামক স্থানে পাবনা থেকে আসা যাত্রীবাহি একটি বাসের সঙ্গে নগরবাড়ি থেকে আসা যাত্রীবাহী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের চার যাত্রী নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিন জন মারা যান।
এছাড়াও আহত ২৫ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।