সিসি নিউজ, ১১ নভেম্বর: অবসরে যাওয়ার ৮১ দিন আগে বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেছেন। শনিবার দুপুরে পদত্যাগপত্র রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের কাছে পৌঁছে দিয়েছে আইন মন্ত্রণালয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার সাথে সরকারের দ্বন্দ্ব শুরু হয়। এরপর ষোড়শ সংশোধনীর রায়ে এস কে সিনহার পর্যবেক্ষণ নিয়ে এ দূরত্ব আরো প্রকট হয়ে ওঠে। এমন প্রেক্ষাপটেই রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসে।
অক্টোবরে অবকাশকালীন ছুটির পর, আদালত খুললে অসুস্থতার কারণ দেখিয়ে আবারো এক মাস নয়দিনের ছুটিতে যান প্রধান বিচারপতি। দেশ ছাড়ার সময় জানান, তিনি অসুস্থ নন, সুস্থই আছেন। তিনি দেশ ছাড়ার পর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রপতির কাছে পৌছানো অভিযোগ সম্পর্কে যথাযথ উত্তর না দেওয়ায় আপিল বিভাগের অন্য বিচারকরা তার সঙ্গে আদালতে বসতে অস্বীকৃতি জানায়।
এস কে সিনহাই বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি যিনি পদত্যাগ করেছেন। শনিবার মধ্যরাত থেকেই প্রধান বিচারপতির পদত্যাগের খবর আসে। পরে দুপুরে রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
যদিও বেলা তিনটা পর্যন্ত আইনমন্ত্রী গণমাধ্যমকে জানান, কিছুই জানেননা তিনি। বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক তার বনানীর বাসায় সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতির পদত্যাগের ফলে সাংবিধানিক কোনো শূন্যতা তৈরি হয়নি। সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতিই এখন প্রধান বিচারপতি নিয়োগ দেবেন।
কবে নাগাদ প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটি রাষ্ট্রপতির সিদ্ধান্ত।
২০১৫ সালের ১৫ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন দেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর এ বিচারপতি। আগামী ৩১ জানুয়ারিতে অবসরে যাওয়ার কথা ছিলো প্রধান বিচারপতি এস কে সিনহার।