সিসি নিউজ, ১২ নভেম্বর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু। শনিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। এর আগে সন্ধ্যায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন কেন্দ্রীয় নেতারা। ২০১২ সালে রংপুরের প্রথম সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করেছিলেন ঝন্টু। ভোট সামনে রেখে আগেই প্রার্থী মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। দলটির পক্ষ থেকে মেয়র পদে লড়বেন মোস্তাফিজার রহমান মোস্তফা। তবে, এখনো প্রার্থী দেয়নি বিএনপি। রংপুর সিটি করপোরেশনে নির্বাচন হবে ২১ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৫ ও ২৬ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৩ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ৪ ডিসেম্বর।