সিসি নিউজ, ১২ নভেম্বর: ধর্ম নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে রংপুর সদর উপজেলার পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে ব্যাপক তাণ্ডব চালান হয় গত শুক্রবার জুম্মার নামাজের পর। এ সময় ওই গ্রামের হিন্দুদের বাড়িতে আগুন ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের সঙ্গে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে হাবিব মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়, পুলিশসহ আহত হয় অন্তত ৩০ জন।
রংপুরের ঠাকুরপাড়ার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায় ফেসবুকে ‘ধর্মীয় অবমাননাকর’ ছবিযুক্ত যে স্টাটাসটি দিয়েছে সেটির লেখক হচ্ছেন রাকেশ মণ্ডল নামে এক ব্যক্তি। তবে রাকেশ মণ্ডলের এই ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস এর স্ক্রিনশট টিটু (ফেসবুক আইডি Md titu) তার ফেসবুক ওয়ালে ১৯ বার শেয়ার দিয়েছে।
রাকেশ মণ্ডল নামে এক ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর একটি স্ট্যাটাস বাংলাদেশি টিনেজার নামক একটি গ্রুপে শেয়ার দেয়। এই স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে টিটু গত ২৪ অক্টোবর তার ফেসবুক ওয়ালে শেয়ার করে। এরপর কয়েক দফায় টিটু স্ট্যাটাসের স্ক্রিনশট ১৯ বার তার ফেসবুক আইডিতে শেয়ার দেয়। টিটুর (ফেসবুক আইডি Md titu) ফেসবুক আইডিটি খোলা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে।
টিটুর প্রোফাইলের অধিকাংশ ছবি পর্ণ এবং বাকিগুলোতে হিন্দুদের দেবদেবীর ছবি। টিটু তার ফেসবুকে নামের শুরুতে Md যুক্ত করলেও বিভিন্ন সময়ে তার আপলোডকৃত ছবিতে নিজেকে শ্রী টিটু রায় হিসাবে পরিচিত করেছে। তবে টিটু তার ফেসবুকে থেকে ছবি আপলোড করা ছাড়া কোন স্ট্যাটাস দেয়নি। এ থেকে বোঝা যায় টিটুর অক্ষর জ্ঞান খুবই কম। একটি সূত্র নিশ্চিত করেছে, টিটু রায় প্রাথমিকের গন্ডি পার করতে পারেনি।
রবিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা পর্যন্ত টিটুর (Md titu) ফেসবুক আইডি চালু দেখা গেছে। তবে নতুন কোন পোষ্ট দেখা যায়নি। সর্বশেষ টিটুর ফেসবুক ওয়ালে পোষ্ট দেওয়া হয়েছে ২ নভেম্বর।
এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, টিটু এখনো গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তাকে গ্রেপ্তার করতে পারলেই বোঝা যাবে ফেসবুকে কে স্ট্যাটাস দিয়েছে।