বদরগঞ্জ (রংপুর)প্রতিনিধি, ১২ নভেম্বর: রংপুরের বদরগঞ্জে ছাত্রদলের দুইগ্রুপের সংঘর্ষে কর্মীসমাবেশ পন্ড হয়েছে। রবিবার ১২ নভেম্বর বিকালে পৌর শহরের আল মদিনা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। জানা যায়, ছাত্রদলের পূর্বঘোষিত সময় অনুযায়ী কর্মীসমাবেশ শুরু হয়। এ সময় ছাত্রদলের বিপ্লব গ্রুপ ও মনির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রদলের বিপ্লব গ্রুপের ৪ কর্মী আহত হয়। আহতরা হলেন, সোহেল, শান্ত, বেলাল ও বিমল। আহত বেলাল জানান, কিছু বুঝে ওঠার আগেই আমাদের বিপক্ষ গ্রুপ আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি পরিতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শাহান, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সেক্রেটারী শরিফ নেওয়াজ জোহা, উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ব্যাপারে জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল বলেন, দুই গ্রুপের অভ্যন্তরীন কোন্দল থেকে ঘটনার সুত্রপাত হয়েছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী অভ্যন্তরীন কোন্দলের কথাটি স্বীকার করে বলেন, বহু লোকের মাঝে কে কোন গ্রুপের তা বোঝা যায়নি। অভ্যন্তরীন কোন্দল থেকেই এ ঘটনার সুত্রপাত। বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ বাধা দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।