কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নদী ভাঙনের শিকার বাঁধে আশ্রিত ভুমিহীনদের উচ্ছেদের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নোটিশ প্রদান করায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুমিহীন মানুষেরা শহরের ধরলা নদী সংলগ্ন সিএন্ডবি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম প্রেসক্লাবে সমবেত হয়। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুমিহীনদের পক্ষে হযরত আলী, সাজু মিয়া, এরশাদুল, আশরাফুল প্রমুখ।
বক্তারা বলেন, বিভিন্ন সময়ে নদী ভাঙনের শিকার হয়ে ২৩৮টি ভুমিহীন পরিবার শহর প্রতিরক্ষা বাঁধে কোনরকমে আশ্রয় নিয়ে বসবাস করে আসছে। দীর্ঘ ২৫ বছর ধরে এখানে আশ্রিত হিসেবে থাকলেও সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও উপ-বিভাগীয় প্রকৌশলীর দপ্তর থেকে ধরলা নদীর ডানতীরে অবস্থিত কুড়িগ্রাম পৌরসভার চর কুড়িগ্রাম ও ভেলাকোপা মৌজার অধিগ্রহনকৃত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জায়গায় অবৈধভাবে নির্মিত বাসস্থানের স্থাপনা সমূহ আগামি ১০ দিনের মধ্যে অপসারণের জন্য দু’দফা নোটিশ প্রদান করে। মানব বন্ধনে ভুমিহীনরা তাদের জন্য খাসজমির ব্যবস্থা করে সকলের বাসস্থান নিশ্চিত করার দাবি জানান। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে ভুমিহীন পরিবারগুলো।