ঢাকা, ২৭ নভম্বর: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা চাইলে সুপ্রিম কোর্টের আপীল বিভাগে আপীল করতে পারবেন। আজ সোমবার সন্ধ্যায় হাইকোর্টে নিজ কার্যালয়ে পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট কি না এবং যেসব আসামি খালাস পেয়েছেন তাদের খালাসপ্রাপ্তির বিরুদ্ধে আপিল করবে কি না? এসব প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, খুব বেশি আসামি খালাস পায়নি। পূর্ণাঙ্গ রায় পড়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ।
তিনি জানান, আজ পিলখানা হত্যা মামলার রায় ঘোষণা শেষ হয়। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৫২ জনের মধ্য আটজনের দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। একজন মারা গেছেন। ১৩৯ জনের আসামির ফাঁসির আদেশ বহাল আছে। ১৬০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে আপিল চলাকালে দুজন মারা গেছেন। হাইকোর্ট বিভাগ ১৪৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন এবং ১২ জনকে খালাস দিয়েছেন।
তিনি আরো জানান, নিম্ন আদালত ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন। ২৮ জন আপিল করেননি। ১৮২ জনকে যে ১০ বছরের দণ্ড দেওয়া হয়েছিল হাইকোর্ট তা বহাল রেখেছেন। দুজনের কারাদাণ্ড ১০ বছর ও ৩ বছর ছিল সেটিকে একসাথে চলবে বলা হয়েছে। আটজনকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং চারজনকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৯ জনকে খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আপিল সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, নিম্ন আদালতে খালাস দেওয়া ৬৯ জন আসামির বিরুদ্ধে আপিল করেছিলাম। তাদের মধ্যে ৩১ জনকে যাবজ্জীবন, চারজনকে ৭ বছর কারাদণ্ড এবং ৩৪ জনকে খালাস দিয়েছেন আদালত।