বিশেষ প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক ও স্নাতক শ্রেণিতে “শারীরিক শিক্ষা” বিষয়টি পাঠ্যসুচীতে অন্তর্ভুক্ত করা এবং কলেজ পর্যায়ে শারীরিক শিক্ষক পদটি প্রভাষক পদে উন্নীত করার দাবীতে মতবিনিময় সভা হয়েছে নীলফামারীর জলঢাকায়।
সোমবার বিকেলে জলঢাকা উপজেলার কৈমারী স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।
কলেজ শারীরিক শিক্ষাবীদ সমিতি নীলফামারী জেলা শাখার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন নীলফামারী সরকারী কলেজের শারীরিক শিক্ষক গোলাম ফারুক খান।
সমিতির দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় মতবিনিময়ে বক্তব্য দেন কৈমারী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ খান, কলেজের অবসরপ্রাপ্ত শরীরিক শিক্ষক সাইদুর রহমান, লালমনিরহাট জেলার কামরুজ্জামান, পঞ্চগড় জেলার আব্দুল কাদের, দিনাজপুর জেলার আহমেদ হোসেন।
সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি গোলাম ফারুক খান বলেন, দেশের সরকারী-বেসরকারী কলেজগুলোতে শরীরিক শিক্ষক হিসেবে যারা চাকুরীতে যোগদান করছেন তাদের একই পদ থেকে অবসর গ্রহণ করতে হচ্ছে। পদোন্নতির কোন ব্যবস্থা নেই।
তিনি বলেন, আমরা শিক্ষক কিন্তু ক্লাশে পড়াতে হচ্ছে না অথচ আমরা বেতন ভাতা সবই নিচ্ছি। এক প্রকার অলস সময় কাটাচ্ছি আমরা। শারীরিক শিক্ষা বিষয়টি পাঠ্যসুচীতে অন্তর্ভুক্ত করা হলে আমরা শ্রেণীকক্ষে ছাত্রদের পড়াতে পারতাম।
আয়োজক সমিতির নেতারা বলছেন, ভারত, নেপাল, জাপান, শ্রীলঙ্কা, আমেরিকাসহ বিভিন্ন দেশের পাঠ্যসুচীতে শারীরিক শিক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের চার হাজার শিক্ষকের বিপিএড ছাড়াও উচ্চতর ডিগ্রি থাকা সত্বেও বৈষম্যের শিকার হচ্ছেন।
দাবী আদায়ে মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা শিক্ষকদের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে সংসদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটিতে আলোচনা করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নীলফামারী ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও লালমনিরহাট জেলার শারীরিক শিক্ষকরা অংশগ্রহণ করেন বিভাগীয় মতবিনিময় সভায়।