সিসি ডেস্ক, ২৯ ডিসেম্বর: প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে অর্থমন্ত্রণালয়ের কাছে প্রায় পাঁচশ কোটি টাকার চাহিদাপত্র দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কত দিনে বরাদ্দ পাওয়া যাবে এবং কবে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে উত্তর নেই কারো কাছে। দ্রুত অর্থছাড় পেতে চেষ্টা চালাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তবে নির্দিষ্ট সময় জানতে চান আন্দোলনরত শিক্ষকরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত এই শিক্ষকদের কেউ বেতন পাচ্ছেন না ২০ বছর ধরে। কেউ পাচ্ছেন না ১০ বছর ধরে। কাটাচ্ছেন মানবেতর জীবন।
শিক্ষকরা বলছেন, নন এমপিওভুক্ত ৭ হাজার প্রতিষ্ঠানের ৮০ হাজার শিক্ষকের এই দশা। পাঁচ বছর দফায় দফায় আন্দোলন করেও দাবি পূরণে হয়নি। এবার কর্মসূচি চলবে লাগাতার বলছেন শিক্ষকরা।
মন্ত্রণালয় বলছে, টাকার অভাবে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা যাচ্ছে না। বরাদ্দ পেতে চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২০১০ সালের পর কোন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। চলতি অর্থবছরের বাজেটেও এমপিওর জন্য বরাদ্দ রাখা হয়নি।
উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন