সিসি ডেস্ক, ১৫ জানুয়ারী: সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিটে বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট। বেঞ্চের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ৭০ অনুচ্ছেদ প্রশ্নে রুল দিয়েছেন। আরেক বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল খারিজ করেছেন রিট আবেদন। নিয়ম অনুযায়ী এখন বিষয়টি নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চে পাঠাবেন অস্থায়ী প্রধান বিচারপতি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, রাজনৈতিক দল থেকে সংসদ সদস্য হওয়ার পর দলের বিপক্ষে ভোট দিলে বা দল থেকে পদত্যাগ করলে সংসদে তার আসন শূন্য হয়ে যায়। এই অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ১৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। এর ওপর শুনানি শেষে সোমবার বিভক্ত আদেশ দেয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ। ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অন্তরায় বলে মত দিয়েছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তবে আরেক বিচারক বিচারপতি আশরাফুল কামালের মত, বিচারবিভাগের কাজ সংবিধান ও আইনের ব্যাখ্যা দেয়া, এ নিয়ে নিয়ে প্রশ্ন তোলা নয়। বিষয়টি এখন অস্থায়ী প্রধান বিচারপতির কাছে যাবে, রিট শুনানির জন্য নতুন বেঞ্চ ঠিক করবেন তিনি। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।