সিসি নিউজ, ১৭ জানুয়ারী: নীলফামারীতে জেএমবির সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। মঙ্গলবার মধ্য রাতে নীলফামারী শহরের আনন্দবাবুর পুল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য তৈয়ব আলী (৬৫) জেলার জলঢাকা উপজেলার পূর্ব গোলমুন্ডা তিল্লাই গ্রামের মৃত আসমত উল্লার ছেলে। বুধবার বিকালের দিকে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত তৈয়ব আলী ২০১৫ সালের ৯ আগস্ট জলঢাকার স্কুল শিক্ষক মাধব চন্দ্র রায় হত্যার মূল পরিকল্পনাকারী। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। এছাড়াও সে রংপুরের জাপানী নাগরিক হোসিকিনহো হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা মাসুদের শ্বশুড় বলে জানান নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।