সিসি নিউজ, ২৩ জানুয়ারী: প্রশ্নফাঁস ঠেকাতে এসএসসি পরীক্ষার দিনগুলোতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়। এছাড়া পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে শিক্ষার্থীদের আসনগ্রহণ বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
প্রশ্নফাঁস ঠেকাতে এবার এসএসসি পরীক্ষা শুরু আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের আসনগ্রহণ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেউ দেরী করলে পরীক্ষা নেয়া হবে না। এছাড়াও পরীক্ষার দিন কিছু সময়ের জন্য ফেসবুকও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রীর আরো জানান, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কোন শিক্ষক প্রশ্নপত্রের খাম খুলতে পারবেন না। খুললে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। এছাড়া পরীক্ষার তিন দিন আগে কোচিং সেন্টার বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
গত কয়েক বছরের প্রশ্নফাঁসের ঘটনা বিশ্লেষণ করে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর ঠিক আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। তাই শিক্ষকদের পরীক্ষ কেন্দ্রে মোবাইল ফোন না নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।